Image description

জুলাই ঐক্যের নাম ব্যবহার করে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের চট্টগ্রাম পুলিশ সুপারের সঙ্গে বৈঠক এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের।

 

শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে জুলাই ঐক্য কাজ করছে জানিয়ে এবি জুবায়ের বলেন, চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানসহ পাঁচ দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’-এর নাম ব্যবহার করে স্মারকলিপি দিয়েছে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান তানজিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগরের আহ্বায়কসহ কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধি, যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ।

 

বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে জুলাই ঐক্য, চট্টগ্রামের সংগঠকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসপি অফিসে যাওয়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে জুলাই ঐক্যের সম্পর্ক নেই। অভিযোগ রয়েছে, বিভিন্ন মামলা-বাণিজ্যের নামে চট্টগ্রামের কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধি জুলাই ঐক্যের নাম ব্যবহার করছে, যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

 

এবি জুবায়েরের মতে, শুধু চট্টগ্রাম নয়, দেশের যে কোনো জায়গায় যেসব গোষ্ঠী বা ব্যক্তি জুলাই ঐক্যের নাম ব্যবহার করে কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

তিনি বলেন, চট্টগ্রামে এসপি অফিসে যারা স্মারকলিপি দিয়েছেন এবং বৈঠক করেছেন, প্রত্যেকেই সরকারি দলের অংশ। সরকারের সঙ্গে থেকে জুলাই ঐক্যের নাম ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক বলে মন্তব্য করেন তিনি।

 

জুলাই ঐক্য সংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে এবি জুবায়ের বলেন, এর মধ্যে কয়েকটি বিভাগে সফর সম্পন্ন করেছে জুলাই ঐক্য। দ্রুত সময়ের মধ্যে অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করে কেন্দ্রীয় ও সারা দেশে কমিটি দেওয়া হবে।

 

কোনো বিভাগ বা জেলায় জুলাই ঐক্যের কোনো কর্মসূচি দেওয়া হলে তা জুলাই ঐক্যের অফিসিয়াল পেজে প্রকাশ করা হবে বলে জানান তিনি।