Image description

সীমান্তের গেট খুলে দেওয়ার সাথে সাথে বাংলাদেশি "অনুপ্রবেশকারীরা" ভারতে পালিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি করছে—এমন একটি চাঞ্চল্যকর দাবি সহকারে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতভিত্তিক একাধিক ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করে রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানিমূলক বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কোনো কোনো পোস্টে আবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট ও রোহিঙ্গা ইস্যু টেনে মন্তব্য করা হয়েছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবির সাথে ভিডিওটির কোনো সম্পর্ক নেই। এটি অবৈধ অনুপ্রবেশের কোনো ঘটনা নয়, বরং যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফের যৌথ প্যারেড দেখতে আসা সাধারণ দর্শনার্থীদের হুড়োহুড়ির দৃশ্য।

 

প্রেক্ষাপট ও ভাইরাল দাবি

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, সীমান্তের একটি বড় গেট খোলার সাথে সাথে নানা বয়সী মানুষ অত্যন্ত দ্রুত গতিতে দৌড়ে ভেতরের দিকে প্রবেশ করছেন। এই দৃশ্যটিকে পুঁজি করে ভারতীয় কিছু সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে, সীমান্ত ফাঁকা পেয়ে বাংলাদেশিরা দলে দলে ভারতে ঢুকে পড়ার চেষ্টা করছে।

 

অনুসন্ধান ও আসল ঘটনা

ভিডিওটির সত্যতা যাচাইয়ে এর গুরুত্বপূর্ণ কী-ফ্রেম নিয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ প্রযুক্তির সহায়তা নেওয়া হলে এর প্রকৃত উৎস খুঁজে পাওয়া যায়। অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটি মূলত “Press TV” নামের একটি ফেসবুক পেজে “সীমান্তের গেট খুলতেই হুড়োহুড়ি” শিরোনামে প্রকাশিত হয়েছিল। পেজটির অন্যান্য কার্যক্রম ও কন্টেন্ট বিশ্লেষণ করে দেখা যায়, তারা নিয়মিত সীমান্ত এলাকার বিভিন্ন সংবাদ ও ভিজ্যুয়াল প্রকাশ করে থাকে। সংশ্লিষ্ট দিনেও তারা বেনাপোল সীমান্তে দর্শনার্থীদের এই উপচে পড়া ভিড়ের একাধিক ভিডিও ও তথ্য শেয়ার করেছিল।

 

 

ভিডিওর প্রকৃত নেপথ্য কারণ

একটি পোস্টে উল্লেখ করা হয়, প্রতি শনিবার ও মঙ্গলবার পেট্রাপোল-বেনাপোল সীমান্তে পতাকা নামানো ও প্যারেড অনুষ্ঠান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এতে অংশ নিতে কোনো পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না; দুই দেশের মানুষ নিজ নিজ অংশ থেকে অনুষ্ঠান উপভোগ করতে পারেন। ফলে নির্দিষ্ট সময় গেট খোলার পর দর্শনার্থীরা দ্রুত প্রবেশ করতে গিয়ে এমন ভিড়ের সৃষ্টি হয়।

 

এছাড়া, “RH Akash” নামের একটি ফেসবুক প্রোফাইল থেকেও একই ধরনের ভিডিও ও তথ্য পাওয়া যায়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—মানুষজন কোনো সীমান্ত পারাপার বা অনুপ্রবেশ করছেন না, বরং প্যারেড অনুষ্ঠান দেখতেই শূন্যরেখার কাছাকাছি এলাকায় প্রবেশ করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ভিডিওতে থাকা সবাই দর্শনার্থী, যারা সীমান্তের সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক কার্যক্রম দেখতে এসেছেন।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং সীমান্ত সূত্রের বিবরণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, বাংলাদেশি নাগরিকদের ভারতে পালিয়ে যাওয়ার দাবিটি সম্পূর্ণ কাল্পনিক, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসা সাধারণ দর্শনার্থীদের একটি স্বাভাবিক ভিড়ের দৃশ্যকে বিকৃত করে সামাজিক মাধ্যমে ক্ষতিকর রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে।