Image description

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে একটি বিয়ের অনুষ্ঠানকে লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ঘটনাস্থলেই পাঁচজনের প্রাণহানি ঘটে। নিহতের তালিকাযে বরও রয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ ফিলিস্তিনি।

 

স্থানীয় সময় শনিবার (৬ জুন) এ তথ্য জানিয়েছন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য তৈরি অস্থায়ী ‘বিয়ের তাঁবু’ লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়।

 

দুটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে তাঁবুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। হামলায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং আরও ১৫ ফিলিস্তিনি গুরুতর আহত হন।

 

প্যালেস্টাইন ক্রনিক্যালের তথ্য অনুসারে, নিহত মুহান্দ ওসমান ফারাওনা তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। ফারাওনা যে তাঁবুতে অবস্থান করছিলেন, ইসরায়েলি সামরিক বাহিনী সেটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে তিনি নিহত হন।

 

গাজার আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, অবরুদ্ধ গাজায় যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্যেও জীবনকে স্বাভাবিক রাখার অংশ হিসেবে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা মুহূর্তের মধ্যেই রক্তবন্যা ও ট্র্যাজেডিতে পরিণত হয়।

 

তাঁবুর ভেতরে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র দুটি শুধু ভেতরেই ক্ষতিসাধন করেনি, বরং এর স্প্লিন্টারগুলো অত্যন্ত উচ্চ গতিতে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। স্প্লিন্টারগুলো পাশের বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রের স্কুলে গিয়ে পড়ে। আশ্রয়কেন্দ্রটি বাস্তুচ্যুত পরিবারে ঠাসা ছিল।

 

গাজা মানবাধিকার কেন্দ্রের তথ্যমতে, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে ৫৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৭৮২ জন আহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও অব্যাহত হতাহতের ঘটনা পরিকল্পিত সহিংসতার একটি ধারাকেই প্রতিফলিত করে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৯৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

ইসরায়েলি হিসাব অনুযায়ী, একই সময়ে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর হাতে চারজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।

 

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই চলমান সংঘাতের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু।

 

আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতির আহ্বান এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার দাবি জানানো হলেও গাজার বিভিন্ন জনবহুল এলাকা, হাসপাতাল ও আশ্রয়শিবিরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।