মিয়ানমারের সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তাড়া খেয়ে ৪৭ জন খুমি সম্প্রদায়ের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে প্রবেশের পর তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৬৯ ও ৭০ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে তারা থানচি উপজেলায় প্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৪৭ জন অনুপ্রবেশকারীকে আটক করে।
আটকদের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের হ্নৈকু খুমি পাড়া এলাকা থেকে আটক করা হয়। বলিপাড়া জোনের অধীন ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ছোট মধু বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও কয়েকজন শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুক্রবার বিকালে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭০ ও ৭১ এর মধ্যবর্তী একটি সুবিধাজনক পয়েন্ট দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর (পুশব্যাক) প্রস্তুতি নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুপ্রবেশকারীরা মিয়ানমারের চিন রাজ্যের পালেতুয়া টাউনশিপের খানচালাং পাড়া ও সাম্পিং পাড়ার বাসিন্দা। আরাকান আর্মির তৎপরতা বেড়ে যাওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে নিরাপত্তার আশঙ্কায় তারা বাংলাদেশে প্রবেশ করেন।
সীমান্ত এলাকার ৬৮ থেকে ৭২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারসংলগ্ন অঞ্চল অত্যন্ত দুর্গম হওয়ায় অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা বিজিবির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শীর্ষনিউজ/