Image description

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছে।

শনিবার (৬ জুন) সকালে জাকার্তা স্টেট ইউনিভার্সিটির একটি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর (কো-অপারেশন অ্যান্ড বিজনেস) ড. অ্যান্ডি হাদিয়ান্তো।

প্রিয়ন্ত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা— ‘ইন্টারন্যাশনাল ইনভেনশন এন্ড ইনোভেশন কম্পিটিশন’ এবং ‘ইনোভেশন ওয়ার্ল্ড  কাপ’ এ অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন।

এর আগে ৪ ও ৫ জুন অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রদর্শনীতে বিশ্বের ১৭টি দেশের ৪৭০টি দল তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এসব প্রকল্পের মধ্য থেকে সেরা উদ্ভাবনী ও বৈজ্ঞানিক সৃষ্টির জন্য ৩০টি দলকে নির্বাচিত করা হয়। প্রিয়ন্তের দল সেই নির্বাচিত সেরা দলগুলোর অন্যতম হিসেবে প্লাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করে।

জানা যায়, প্রিয়ন্তের বাবা মো. ওমর ফারুক অভি মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক এবং মা সালমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সন্তানের এ সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রিয়ন্তের এ অর্জনে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা এবং জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস প্রশংসা ও শুভকামনা জানিয়েছেন। এছাড়া অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, ‘কেএফটি কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদানসহ সর্বাত্মক সহযোগিতা করে থাকে। প্রিয়ন্তের এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।’