টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রাঘাতে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়াও একই উপজেলায় বজ্রাঘাতে আরও দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপরের দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেলদুয়ার সদর উপজেলার আয়নাল হকের ছেলে খালেদুল ও নিহত খালেদুলের মেয়ে খাদিজা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তারা আত্মীয়র বাড়িতে পরিবার-পরিজন নিয়ে একই উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় যান। সেখানে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে পরিবারের অন্যান্য সদস্যসহ সবাই আত্মীয়র বাড়ির ভিতরে ঢুকে পড়েন। এ সময় সিএনজি থেকে বাবা-মেয়ে নেমে পাঁচ গজ এগিয়ে গেলে তাৎক্ষণিক বজ্রপাত তাদের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী নিহতদের বাড়িতে ছুটে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। এদিকে পরিবারের একসঙ্গে দুই সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অন্য সদস্যরা।
স্থানীয়দের ভাষ্য, নিহত বাবা ও মেয়ে এলাকার পরিচিত ও সবার প্রিয় মানুষ ছিলেন। তাদের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরা সুলতানা যূথি বলেন, দুপুরের পরে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত হয়। এরই এক পর্যায়ে বজ্রাঘাতে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময় মেয়ে বাবার কোলে ছিল। এ ছাড়াও একই উপজেলার জাঙ্গালিয়া এলাকায় আরও দুটি গবাদিপশুর মৃত্যু হয়েছে।