নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিনে মুক্তির পর তার বাসায় দেখতে যাওয়ায় টরিক আহমেদ নামে এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগটি নাকচ করে ভিন্ন কারণ দেখিয়েছে নাসিক প্রশাসন।
বৃহস্পতিবার (৪ জুন) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী টরিক আহমেদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তাকে ডেকে পাঠান এবং আগের রাতে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাসায় যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশের কথাও বলা হয়। পরে তাকে আইভীর কাছ থেকে বেতন নেওয়ার কথা বলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে দাবি করেন টরিক।
তার ভাষ্য, আইভীর প্রতিবেশী হওয়ায় এবং দীর্ঘদিন পর তিনি কারামুক্ত হওয়ায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, টরিক আহমেদ সিটি করপোরেশনের দায়িত্ব পালনের পাশাপাশি একটি ব্যাংকের এজেন্ট শাখায় কাজ করতেন। নিয়মিত হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইভীর সঙ্গে দেখা করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়নি বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর বুধবার রাতে নিজ বাসভবনে ফেরেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এরপর থেকে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সমর্থকদের অনেকে তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং ফোনে খোঁজখবর নিচ্ছেন।
শীর্ষনিউজ