Image description

প্রচণ্ড গরমে সারাদেশে ত্রাাহি অবস্থা। তীব্র তাপে পুড়ছে গোটা দেশ। প্রচণ্ড রোদ, ভ্যাপসা গরম ও উচ্চ তাপমাত্রার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। এ অবস্থায় ঢাকাসহ দেশের ৪৮ জেলায় তাপপ্রবাহের কথা জানালো আবহাওয়া অধিদপ্তর। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে এক দিন পর কিছু জায়গায় প্রশমিত হতে পারে। একই সঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টির আভাসও রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ খান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে: চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ  রংপুর বিভাগ (কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলা), রাজশাহী বিভাগ (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট জেলা), ঢাকা বিভাগ (ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল জেলা), খুলনা বিভাগ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা) ও বরিশাল বিভাগের (বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলা) উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এতে আরও বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়: রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।

শীর্ষনিউজ