প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে ছাত্রদল, যুবদল, বিএনপির একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। প্রতিনিধিদলের এই সফর উপলক্ষে মঙ্গলবার (৩ জুন) ঢাকায় এক সংবর্ধনার আয়োজন করে চীনা দূতাবাস।
জানা গেছে, প্রতিনিধিদলটি ৪ থেকে ১৪ জুন পর্যন্ত চীনের ঐতিহাসিক শহর চংকিং ও অর্থনৈতিক কেন্দ্র সাংহাই সফর করবে। সফরকালে তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চ পর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ডাকসু ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম, ডাকসু ছাত্রদলের জি এস প্রার্থী তানভীর বারি হামিম, জাকসু ভিপি আবিদুর রশিদ জিতু, চকসু এ জি এস তৌফিকসহ ২০ জন।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সংসদ সদস্য জেবা আমিনা খান এবং প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।