জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনও সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জনগণকে উপেক্ষা করে আগের সরকারের মতো আচরণ করলে বর্তমান সরকারও এক বছর টিকতে পারবে না। মঙ্গলবার (২ জুন) দুপুরে নোয়াখালী জেলার একটি মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান।
এটিএম মাসুম বলেন, জুলাইয়ের আন্দোলনে শহিদদের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা ক্ষমতায় এসে জুলাই সনদ বাস্তবায়ন করেনি। রাষ্ট্র ও সংবিধান সংস্কারের প্রতিশ্রুতিও পূরণ করেনি। গণতন্ত্রের নামে জনগণের মতামত উপেক্ষা করে তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি বলেন, বিগত সরকার ১৫ বছর ক্ষমতায় থেকেও টিকে থাকতে পারেনি। জনগণের মতামতকে অগ্রাহ্য করে একই ধরনের আচরণ অব্যাহত থাকলে বর্তমান সরকারও টিকতে পারবে না। তাই জনগণকে রাজপথে নামতে বাধ্য না করার আহ্বান জানান তিনি।
সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, গত তিন মাসে সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার চিত্রই বেশি দৃশ্যমান হয়েছে। দেশে খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। পাশাপাশি প্রশাসন ও শিক্ষাঙ্গনে দলীয়করণ, বিনিয়োগ আকর্ষণে ব্যর্থতা এবং কূটনৈতিক দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কেউ কেউ শরিয়া আইন ও কুরবানি নিয়ে বিদ্রুপ করছেন। একই সঙ্গে দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা ও ষড়যন্ত্রকারীদের তৎপরতা দেখা যাচ্ছে। তবে জনগণ কোনও ধরনের স্বৈরাচার কিংবা ষড়যন্ত্র মেনে নেবে না।
শীর্ষনিউজ