অনলাইন স্ক্যাম (প্রতারণা) সেন্টার পরিচালনার অভিযোগে নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রধান পর্যটন এলাকা থামেল থেকে ১৫ জন বাংলাদেশি এবং চারজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
গত শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয় বলে বিবিসি নেপালি সার্ভিসের বরাতে আজ মঙ্গলবার (২ জুন) এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটির বাংলা বিভাগ।
এতে বলা হয়েছে, নেপাল পুলিশের কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতার ব্যক্তিরা একজন চীনা নাগরিকের চালানো একটি ‘স্ক্যাম সেন্টারে’ কর্মরত ছিলেন। ওই চীনা নাগরিক বর্তমানে পলাতক রয়েছেন, তাকে খুঁজছে পুলিশ।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকদের বেশিরভাগই আগে কম্বোডিয়ায় কাজ করেছেন। তারা জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, কম্বোডিয়ায় পরিচয় হওয়া চীনা অপারেটররা তাদের নেপালে নিয়ে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে এ চক্রটি ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত। চক্রটি স্থানীয় নেপালিদের নয়, বরং প্রধানত বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকেরা ছিলেন তাদের টার্গেট।
শীর্ষনিউজ