সীমান্তে আমাদের বিজিবি এলার্ট আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার যেকোনো রকমের ইললিগ্যাল (অবৈধ) পুশইন বা পুশ-ব্যাক এগুলোর বিপক্ষে।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আসার পরে দেখা যাচ্ছে সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশিকে আটক করে বর্ডারেই রাখা হচ্ছে এবং তাদের পুশইন করা হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরাও এগুলো শুনতে পাচ্ছি। বর্ডারে আমাদের বিজিবি এলার্ট আছে। আমরা অবৈধ পুশইনের বিরুদ্ধে।
তিনি বলেন, যদি বাংলাদেশের কোন সিটিজেন কোন কারণেই হোক সেই দেশে যেয়ে থাকে তাদের যদি ন্যাশনাল আইডি, আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়। ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোন তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে তবে সেটা আইনানুকভাবে রিপেক্টেশন প্রসেসটা ফলো করা হবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নেই বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগ্যালি এড্রেস করা হবে।
জঙ্গল সলিমপুরের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা আমাদের পরিকল্পনাটা এখনো ফাঁস করতে চাচ্ছি না। কারণ এগুলো তথ্য ফাঁস হয়ে গেলে পরে আমাদের এ সমস্ত রেসকিউ অভিযানে একটু অসুবিধা হয় এবং অপারেশন অসুবিধা হয়।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরের যারা অধিবাসী আছে তারা যে কোন কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে। আমরা তাদেরকে উচ্ছেদ করবো না যদি কখনো প্রয়োজন হয় সেই জায়গায় সরকারি স্থাপনা হয়। প্রয়োজন অনুসারে তাদের পুনর্বাসন করা হবে। তবে ওখানে সন্ত্রাসীদের কোন আস্তানা আমরা রাখবো না এটা নির্মূল করা হবে সেজন্য একটু সময় দরকার বলে জানান তিনি।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মামলায় এখন পর্যন্ত অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকি সাক্ষীদের আদালতে হাজির করার বিষয়ে সরকার সহযোগিতা করছে।
তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি বলেন, সবার প্রত্যাশা দ্রুত বিচার সম্পন্ন হোক। আমরা সেই পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। তবে রায় কখন হবে বা কী হবে, তা সম্পূর্ণ আদালতের বিষয়।
মামলার তদন্তে নতুন কোনো ব্যক্তি জড়িত থাকার তথ্য সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি জানান, চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞদের সাক্ষ্যগ্রহণের মতো কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি রয়েছে।
শীর্ষনিউজ