Image description

সীমান্তে অপরাধে জড়িত বা অনুপ্রবেশের ক্ষেত্রে কাউকে হত্যা করা হলে তাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

 

ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে অন্য দেশের বাহিনী কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু যদি আমাদের সীমানার ভেতরে এবং তাদের সীমানার ভেতরে কোনো রকমের কোনো অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ ইললিগ্যাল ট্রেসপাস (অনুপ্রবেশ) করে যায়, সেটা তারা (সীমান্তরক্ষী বাহিনী) কীভাবে অ্যাড্রেস করবে, তা তাদের দেশীয় আইনের ওপর নির্ভর করে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না।

 

সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা যেটাকে বর্ডার কিলিং (সীমান্ত হত্যা) বলছেন, সে সম্পর্কে যদি বিস্তারিত জানেন তাহলে খুশি হবো।

 

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর তারা ‘বাংলাদেশি’ নাম দিয়ে সীমান্তে বিপুলসংখ্যক মানুষকে জড়ো করছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এগুলো শুনতে পাচ্ছি, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। যে কোনো রকমের ইললিগ্যাল পুশইন বা পুশব্যাকের বিপক্ষে আমরা।

 

আইনি বিষয়ের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন যে কোনো কারণেই হোক সে দেশে গিয়ে থাকে, তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সে রকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠায়, তারা সেটা আইনিভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে।

 

মন্ত্রী আরও বলেন, সে রকম কোনো বিষয় আমাদের কাছে এখনও পর্যন্ত পেন্ডিং নেই, যদি অতীতে পেন্ডিং থাকে, সেটা অবশ্যই সেভাবে লিগ্যালি অ্যাড্রেস করা হবে।

 

আগামী বিএসএফ-বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকে কোন কোন বিষয় তুলে ধরা হবে, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিজি পর্যায়ের যে মিটিংটা হবে, সেটা আমাদের সব সময়ের রেগুলার ফাংশন, প্রতি বছরই হয়। একবার এই সাইডে হয়, আরেকবার ওই সাইডে হয়।

 

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে বর্ডারের ইস্যুগুলো এড্রেস করা হবে, উভয় পক্ষের কী কী সমস্যা আছে এবং সমস্যাগুলো কীভাবে হয় সেসব বিষয়ে কথা হবে। সংশ্লিষ্ট সব বিষয় উত্থাপিত হবে।