বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত এলাকায় পরিত্যক্ত একটি মর্টারশেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গা নামে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ি এলাকার তুইঙ্গাঝিরি বিওপি-সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সতনাইং তঞ্চঙ্গা (১২) ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ি পশ্চিম পাড়ার বাসিন্দা কিংহলা তঞ্চঙ্গার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শূন্যরেখার নিকটবর্তী একটি পাহাড়ি জুমে কাজ করার সময় সতনাইং তঞ্চঙ্গা একটি পরিত্যক্ত মর্টারশেল খুঁজে পায়। পরে সেটি নাড়াচাড়া করার একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যায়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাম্মেল হক বলেন, কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের ধারণা, সীমান্তবর্তী এলাকায় অতীতে সংঘটিত সংঘর্ষ বা সামরিক কর্মকাণ্ডের সময় ব্যবহৃত কোনো অবিস্ফোরিত মর্টার শেল দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল। অসাবধানতাবশত সেটি স্পর্শ করার ফলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা সীমান্ত অঞ্চলে অবিস্ফোরিত গোলাবারুদ ও বিস্ফোরক শনাক্ত করে দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।