Image description

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন আলি আকবর খান।

 

সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

 

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

 

দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এবং জননিরাপত্তা বিভাগ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে প্রশংসা অর্জন করেন।

 

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত মানবপাচার প্রতিরোধ, বৈধ অভিবাসন উৎসাহিতকরণ এবং অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণবিষয়ক কর্মশালা এবং মালদ্বীপ-এ অনুষ্ঠিত মানবপাচার ও অভিবাসী পাচারসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক আঞ্চলিক কর্মশালা উল্লেখযোগ্য। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করেছেন।

 

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

সংস্থাটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের মাধ্যমে সিআইডির কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হবে।