Image description

ঢাকার মোহাম্মদপুরের সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় মাদক ও জুয়ার প্রভাব বেশি থাকায় অপরাধ নিয়ন্ত্রণে জটিলতা তৈরি হয়েছে। আইনের দুর্বলতার কারণে অনেক অপরাধীকে আটক করার পরও দীর্ঘ সময় জেলে রাখা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় আধুনিক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শিশু রামিসা হত্যার বিচার কার্যক্রম আদালতের বিষয় হওয়ায় এ নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চান না। তবে দ্রুত বিচার সম্পন্নের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাসজনিত কারণে নবজাতকদের শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

যানজট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ঢাকায় এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থায় অগ্রগতি হয়েছে এবং আগামী ১ থেকে ২ মাসের মধ্যে যানজট আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি জানান, অবৈধ পুশব্যাক ঠেকাতে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। সরকার যেকোনো ধরনের পুশব্যাকের বিরোধী অবস্থানে আছে।

তিনি আরও বলেন, মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

শীর্ষনিউজ