Image description

ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার বার্তা দিয়ে রাজশাহীতে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, যোগ শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগেরও প্রতীক।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত যোগব্যায়াম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মনোজ কুমার ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বললেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। দুই দেশের সংস্কৃতির সঙ্গে একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে, যা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।’

বক্তব্যে তিনি যোগব্যায়ামের ইতিহাস, এর উপকারিতা এবং বর্তমান বিশ্বে এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা সম্পর্কে আলোচনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসের এ আয়োজনে অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর (রাজশাহী-৩) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বাঘা-চারঘাট (রাজশাহী-৬) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমান।

এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলন করেন।

আয়োজকরা জানান, যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তোলার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।