মশা মারা শিখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কর্মকর্তাদের বিদেশ সফরের প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্লোরিডা না গিয়ে দেশের ডোবা ও নর্দমার পাশে অবস্থান করে বাস্তব অভিজ্ঞতা নিয়ে মশা মারার পদ্ধতি উদ্ভাবনের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য দিয়েছেন।
তিনি বলেন, 'অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এতে মশকনিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা সফরে যাওয়ার কথা বলা ছিল। এই সারসংক্ষেপ দেখে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে মশকনিধন শেখা বা দেখার জন্য ফ্লোরিডা যাওয়ার দরকার নেই।'
রুমন বলেন, 'প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে মশকনিধন কীভাবে করা যায়, তা দেশেই প্রশিক্ষণের সুযোগ রয়েছে। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে অথবা নর্দমার কাছে যেখানে মশার বিস্তার ঘটে, সেখানে দুই-তিন ঘণ্টা অবস্থান করলে মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।'
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, 'বিগত সরকারের আমলে এভাবে রাষ্ট্রের অর্থ অপচয় করে মশকনিধন কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্পের নামে কর্মকর্তারা বিদেশ সফরে যেতেন। রাষ্ট্র অথবা বিদেশি অর্থায়নে এসব সফরে কার্যকর কোনো ফল পাওয়া যায় না।'
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মশকনিধন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও পাঁচজন কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রস্তাব ছিল। এই প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়। ওই সারসংক্ষেপ পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দেন, 'মশকনিধন শিখতে বা দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।'