Image description

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোরগ পোলাওয়ের খাবারের প্যাকেটে মরা ব্যাঙ পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলা রোডের ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অনাদায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে রেস্তোরাঁটিতে থাকা এক পাতিল পোলাও ও মাংস নষ্ট করে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতোয়ার রহমান ও আশিকুর রহমান নামের দুই ব্যক্তি ওই দোকান থেকে পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের নিয়ে খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতর মরা ব্যাঙ দেখতে পান তারা। বিষয়টি দেখে তারা তাৎক্ষণিকভাবে সবগুলো প্যাকেট নিয়ে পুনরায় দোকানে ফিরে যান এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষকে অবহিত করেন। এ সময় দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতারাও বিষয়টি জানতে পেরে খাবার গ্রহণ বন্ধ করে দেন এবং একপর্যায়ে দোকান এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে এই ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নান্না বিরিয়ানি হাউজের মালিক রিয়াজ বলেছেন, ‘আজকের ঘটনাটি পরিকল্পিতভাবে করা। এর আগেও আমাদের দোকানের গরুর মাংস কই থেকে কিনি বিভিন্ন যনে প্রশ্ন তুলে। আমরা তিন বছর থেকে রৌমারীতে সুনামের সঙ্গে ব্যবসা করছি।’

অন্যদিকে খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি জোরদারের জোর দাবি জানিয়েছেন তারা।