নাটোরের সিংড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে নাটোর থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হীরা নামে দুইজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
শীর্ষনিউজ