Image description

শরীয়তপুরের জাজিরায় একটি কবরস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন।

রোববার (৩১ মে) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের নতুন জানখার কান্দি গ্রামের স্বপন খাঁর বাড়ির পেছনে থাকা একটি কবরস্থানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আগে সেখানে লুকিয়ে রাখা ককটেল সদৃশ বিস্ফোরক পুনরুদ্ধারের চেষ্টা করা হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় আলতাফ খাঁ (২৪) নামে এক যুবক আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। এ সময় তার কয়েকজন অজ্ঞাত সহযোগী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তবে আহত আলতাফ বর্তমানে কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 

 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

এ সময় সাঈদ আহমেদ আসলাম এমপি বলেন, বিলাসপুরে বোমা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এলাকার নিরাপত্তা জোরদারের জন্য বিলাসপুরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং যত দ্রুত সম্ভব এখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।