সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে এবং মানবসম্পদ উন্নয়ন ও টেকসই ভবিষ্যত গঠনে ভূমিকা রাখে এমন প্রকল্পের জন্য ১০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেবে ‘ডবরো ডট ওআরজি’। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে পৃথক দেশ গঠনকারী রাষ্ট্রগুলোর সংগঠক ‘ডবরো’ এই অর্থ সহায়তা দেবে।
ব্যক্তি পর্যায়ে এবং সংস্থা বা সংগঠন পর্যায়ে ‘উই আর টুগেদার’ শীর্ষক প্রতিযোগিতাশীল এক আয়োজনের মাধ্যমে এই পুরস্কার অর্জন করা যাবে। আগামী ১৪ জুন পর্যন্ত এতে আবেদন করা যাবে।
আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরজিকিস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান এই ৯ স্থায়ী সদস্য এবং একটি সহযোগী সদস্য তুর্কমেনিস্তান ও একটি পর্যবেক্ষক দেশ মঙ্গোলিয়া মিলে গত বছর গঠিত হয় ‘ডবরো’। স্বেচ্ছাসেবী ও অলাভজনক বিষয় নিয়ে কাজ করে সংস্থাটি।
চলতি বছর জাতিসংঘ কর্তৃক ঘোষিত ‘স্বেচ্ছাসেবীদের জন্য আন্তর্জাতিক বছর’ পালিত হচ্ছে। এই আদর্শের সঙ্গে মিল রেখে বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবক এবং অলাভজনক সংস্থাগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ডবরো।
মূলত দুটি ক্যাটেগরিতে এই প্রাইজ মানি দেওয়া হবে। একটি হলো–‘টেকসই ভবিষ্যৎ’ যেখানে পরিবেশ, গ্রিন ইকোনমি ও টেকনোলজি ও পরিবেশগত শিক্ষাবিষয়ক। অপরটি হলো–‘মানব সহায়তা’ যেখানে স্বাস্থ্যসেবা, ঝুঁকিপূর্ণ কমিউনিটির জন্য সহায়তা ও মানবিক সহায়তা সম্পর্কিত প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া যাবে।
আবেদনকারীরা ব্যক্তি হিসেবে এবং সংগঠন বা সংস্থা হিসেবেও আবেদন করতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, বিশ্বের যে কোনো দেশের স্বেচ্ছাসেবক বা অ্যাক্টিভিস্ট, অলাভজক ও অবাণিজ্যিক সংস্থা ও সামাজিক অবদানে সক্ষম প্রকল্পের প্রস্তাবকরা এতে আবেদন করতে পারবেন।
জমাকৃত আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে নির্বাচিত বিজয়ীদের মাঝে আগামী ৩ ডিসেম্বর পুরস্কার প্রদান করা হবে। ‘উই আর টুগেদার’ শিরোনামে রাশিয়ার মস্কোতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে।
নিজ দেশ থেকে মস্কো যাতায়াতসহ বিজয়ীরা প্রাইজমানি হিসেবে ১০ হাজার মার্কিন ডলারের পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি ও সহায়তা এবং নিজেদের প্রকল্পের বিস্তারে সহায়তা পাবেন।
আবেদন করতে যেতে হবে এই লিংকে - https://wearetogetherprize.com/