রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. সাঈদ নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। বাহিনীটির কর্মকর্তাদের দাবি, তিনি একটি ছিনতাইকারী চক্রের প্রধান।
শনিবার (৩০ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে জব্দ করা অস্ত্রসহ সবুজবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির মধ্যেও হাসপাতালে চিকিৎসাসেবা চলমান থাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্যরা। এ সময় একটি সশস্ত্র দল ছিনতাইয়ের চেষ্টা করলে আনসার সদস্যদের তৎপরতায় তা ভেস্তে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের ছুটির কারণে জরুরি বিভাগ ও বহির্বিভাগে রোগীর চাপ কিছুটা কম থাকলেও চিকিৎসাসেবা সচল ছিল। এ অবস্থায় ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের একটি অঙ্গীভূত টহল দল হাসপাতাল এলাকায় দায়িত্ব পালন করছিল। একপর্যায়ে হাসপাতালের একটি অন্ধকার স্থানে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা এবং অস্ত্রসহ অবস্থান তাদের নজরে আসে। আনসার সদস্যরা এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করে।
পরে ধাওয়া করে সাঈদকে আটক করা হয়। তবে তার সহযোগীরা অন্ধকার ও ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছে।
আটকের পর তার দেহ তল্লাশি করে চারটি ধারালো ছুরি, একটি বড় রামদা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে জব্দ করা আলামতসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সবুজবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।