সাংবাদিক প্রভাস আমিন কুমিল্লা সফর করতে পারেন–এমন খবরে তাকে প্রতিহতের ঘোষণা দিয়েছে জুলাই রক্ষা আন্দোলন। সংগঠনটির দাবি, অতীতে তিনি শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের সমর্থনে ভূমিকা পালন করেছেন।
শনিবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেন জুলাই রক্ষা আন্দোলনের সমন্বয়ক আবু রায়হান।
বিবৃতিতে বলা হয়, রোববার (৩১ মে) ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল রিইউনিয়ন অনুষ্ঠানে অংশ নিতে সাংবাদিক প্রভাস আমিন কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এলাকায় আসবেন বলে জানা গেছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, দীর্ঘ দিন ধরে প্রভাস আমিন আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দাবির বিরোধিতা করেছেন।
আবু রায়হান বলেন, স্বৈরাচারের দালালদের সমাজে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র-জনতা প্রতিবাদ করবে। যারা এ ধরনের ব্যক্তিদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে। ছাত্র-জনতা যেকোনো মূল্যে প্রভাস আমিনের উপস্থিতির বিরুদ্ধে অবস্থান নেবে।
এ বিষয়ে রিইউনিয়ন আয়োজন কমিটির সদস্য ডা. আতাউর রহমান জসীম এশিয়া পোস্টকে বলেন, যারা নির্ধারিত প্রক্রিয়ায় ফরম পূরণ করেছেন, তারাই অনুষ্ঠানে অংশ নেবেন। যেহেতু বিষয়টি নিয়ে বিতর্কের কথা বলা হচ্ছে, তাই আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দেখব।