বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল এবং বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নির্ধারিত ব্যানার নিয়ে সড়কের দুই পাশে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আজও দেশের মানুষের হৃদয়ে বেঁচে আছে। তার শাহাদাতবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছি।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, আজকের জিয়া উদ্যানে মানুষের ঢল প্রমাণ করে জিয়াউর রহমানের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবো।
স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবাই শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মাজার এলাকায় ভিড় করতে শুরু করেছেন।