Image description

ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ছেন। এবার তার নিজ নির্বাচনী এলাকার একটি কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে একই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সরিয়ে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে চিঠি পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ববি হাজ্জাজের বিতর্কিত বক্তব্যের জেরে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ ও মানববন্ধন থেকে তাকে এই অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

জানা গেছে, ববি হাজ্জাজের নিজ নির্বাচনী এলাকা মোহাম্মদপুরের বেসরকারি ঢাকা স্টেট কলেজে বর্তমানে গভর্নিং বডির সভাপতির দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ তানভীর রহমান। তাকে সরিয়ে দিয়ে নতুন একজনকে নিয়োগ দিতে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর ডিমান্ড অর্ডার লেটার পাঠিয়েছেন ববি হাজ্জাজ প্রতিমন্ত্রী প্যাড ও নিজের স্বাক্ষর ব্যবহার করে। 

সম্প্রতি পাঠানো এই চিঠির কপি দ্য ডেইলি ক্যাম্পাসের কাছে এসেছে। চিঠিতে ঢাবি শিক্ষককে সরিয়ে নতুন সভাপতি পদটি দিতে চাচ্ছেন একজন আইনজীবীকে। তার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

চিঠিতে ববি হাজ্জাজ লেখেন, আমার নির্বাচনী এলাকা-১৮৬, ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলানগর) এ অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে শিক্ষানুরাগী এই ব্যক্তিকে (অ্যাডভোকেট আখতারুজ্জামান) ঢাকা স্টেট কলেজে গভর্নিং বডিতে সভাপতি হিসেবে মনোনয়ন দানের জন্য অনুরোধ করছি।