Image description

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার স্বপ্নে লিবিয়ায় ল্যান্ড ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৭০ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। আজ সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

লিবিয়ার বেনগাজীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানোর আশায় মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে গিয়ে তাদের অনেকেই অপহরণ, নির্যাতন ও অমানবিক পরিস্থিতির শিকার হন বলে জানা গেছে। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রত্যাবাসিতদের নিজেদের তিক্ত অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে বিপদগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।