Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২৫ লাখ টাকার স্বাস্থ্যসেবা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৩ হাজারের বেশি শিক্ষার্থী। গত ১৭ মে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের সার্বিক সেবার হিসাব ও পরিসংখ্যান সম্প্রতি প্রকাশ করেছেন জকসুর জিএস আব্দুল আলিম আরিফ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, বিভিন্ন রোগ নির্ণয়মূলক পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট বিবেচনায় ব্যতিক্রমধর্মী এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে ক্যাম্পাসজুড়ে।

জকসুর প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্যাম্পে ক্লিনিক্যাল কনসাল্টেন্সি সেবা পেয়েছেন ২ হাজারের বেশি শিক্ষার্থী। এছাড়া রিপোর্ট কনসাল্টেন্সি সেবা গ্রহণ করেছেন ৬০৪ জন। পাশাপাশি বিভিন্ন মেডিকেল টেস্ট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে।

সেবা গ্রহণকারীদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ডায়াবেটিস টেস্ট করেছেন ১৬৫ জন, ইউরিন ও কিডনি পরীক্ষা করেছেন ১৩৫ জন, ইসিজি করেছেন ৮২ জন, থাইরয়েড পরীক্ষা করেছেন ৭৫ জন, হিমোগ্লোবিন ও পিসিভি পরীক্ষা করেছেন ৭৫ জন এবং আলট্রাসনোগ্রাম করেছেন ৬০ জন শিক্ষার্থী। এছাড়া HbA1C পরীক্ষা করেছেন ৮ জন এবং CRP সেবা নিয়েছেন ৪ জন।

অর্থমূল্যের হিসাবে, শুধুমাত্র ল্যাব সার্ভিসের বাজারমূল্য ছিল প্রায় ৫ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসাল্টেন্সি সার্ভিস ও শিক্ষার্থীদের দেওয়া ওষুধের বাজারমূল্য ছিল প্রায় ২০ লাখ টাকা। সব মিলিয়ে একটি দিনের এই মেডিকেল ক্যাম্পে মোট প্রদত্ত সেবার মূল্য দাঁড়িয়েছে প্রায় ২৫ লাখ টাকা।

এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ তার ফেসবুক পোস্টে বলেন, “এত বড় আয়োজন সম্ভব হয়েছে জকসুর নিরলস পরিশ্রম, ন্যাশনাল ডক্টর্স ফোরাম, ঢাকা দক্ষিণের সহযোগিতা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “মেডিকেল ক্যাম্প আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জকসু কাজ করে যাবে, ইনশাআল্লাহ।”

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জকসুর এ উদ্যোগ প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। স্বল্প সময়ে হাজারো শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান এবং প্রায় ২৫ লাখ টাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় ক্যাম্পটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।