Image description

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে সীমান্তজুড়ে আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে।

শুক্রবার (২২ মে) নয়াদিল্লি-তে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

অমিত শাহ বলেন, ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরা ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে প্রায় ৬ হাজার কিলোমিটার সীমান্তকে নতুন নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হবে। এর মাধ্যমে সীমান্তে নজরদারি আরও শক্তিশালী করা সম্ভব হবে।

তিনি জানান, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তকে প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট বর্ডার’-এ রূপ দিতে কাজ করছে এবং খুব শিগগিরই প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হবে।

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে দায়িত্ব পালন করছে। প্রায় ২ লাখ ৭০ হাজার সদস্যের এই বাহিনী ১৯৬৫ সালে গঠিত হয়।

অমিত শাহ দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ, জাল মুদ্রা পাচার এবং সংঘবদ্ধ অপরাধের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি দেশে অবস্থান করা অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও বহিষ্কারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা আরও জোরদার করা হবে।

সূত্র: হিন্দুস্থান টাইমস