পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে গ্রাহকদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে আগাম সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব তফসিলি ব্যাংককে তাদের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পিওএস, ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) সচল রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয় এ সংক্রান্ত নির্দেশনা। এতে বলা হয়, ঈদের ছুটির সময় যেন গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে ব্যাংকগুলোকে।
তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে; এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে; পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে; সার্বক্ষণিক পাহারাদাদের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে বুথে।
পয়েন্ট অব সেল (পিওএস) এর ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করা এবং জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে। ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিক্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে বলে উল্লেখ রয়েছে নির্দেশনায়।
এছাড়া ঈদের ছুটির সময়ে যেকোনো অংকের লেনদেনের তথ্য এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে; ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক করতে প্রচার প্রচারণা চালাতে বলা হয়েছে নির্দেশনায়। গ্রাহককে সার্বক্ষণিক হেল্প লাইন সহায়তা দিতে হবে এবং আগের জরি করা এ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে বলে উল্লেখ রয়েছে এতে।
প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকবে দেশের তফসিলি ব্যাংকগুলো। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি পাবেন এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।