Image description

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধারাবাশাইল উচ্চবিদ্যালয়ের দীর্ঘদিনের পুরোনো একটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে বিকট শব্দে ভবনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সময় শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে হঠাৎ ভবনের একাংশ ধসে পড়ে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তার স্বার্থে ভবনের ঝুঁকিপূর্ণ অংশে শিক্ষার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা দ্রুত নতুন ভবন নির্মাণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি।