স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। সারা দেশে শিশুদের শরীরে হাম ও এর উপসর্গ হিসেবে নিউমোনিয়ার প্রকোপ দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের হাম ও নিউমোনিয়া পরিস্থিতি মোকাবিলা, নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফলভাবে সচল রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোয় কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটিসহ সব ধরনের ছুটি স্থগিত থাকবে।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়।
অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের শরীরে হাম ও এর উপসর্গ হিসেবে নিউমোনিয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এমন অবস্থায় টিকাদান কর্মসূচি জোরদার করতে এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা দিতে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়ে।
এদিকে শিশুদের সুরক্ষায় হামের টিকা অত্যন্ত কার্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আক্রান্ত শিশুদের সময়মতো চিকিৎসা না দিলে তা নিউমোনিয়ায় রূপ নিয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই লক্ষণ দেখামাত্র স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই জটিল পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থাকার জন্য স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশ দিয়েছে।