Image description

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিরানা মাহরুখ। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

মিরানা মাহরুখ বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।