দেশের ক্রিকেটাঙ্গন, রাজনীতি ও বিসিবিকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আজ (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি ক্রিকেট বোর্ড দখল, গোপন বৈঠক ও পরিকল্পিত প্রচারণার অভিযোগ তুলেছেন। যদিও পুরো বক্তব্যে তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি।
ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে আসিফ আকবর লেখেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিংবা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো ব্যক্তির নাম নিয়ে কটু মন্তব্য করেননি। এটিকে তিনি ‘পারিবারিক শিক্ষা’ বলে উল্লেখ করেন। পাশাপাশি তরুণ রাজনীতিকদেরও সংযত ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি।
এরপরই ইঙ্গিতপূর্ণভাবে এক ক্রিকেটারের প্রসঙ্গ টেনে আসিফ দাবি করেন, আওয়ামী লীগের ক্ষমতার ভিত শক্ত করার উদ্দেশ্যে ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। তার ভাষ্য, বিএনপি খেলাধুলা ও সংস্কৃতিকে গুরুত্ব না দেওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়েছে ফ্যাসিবাদী শক্তি।
স্ট্যাটাসে তিনি আরও অভিযোগ করেন, তাকে জড়িয়ে অর্থ আত্মসাতের মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছিল পরিকল্পিতভাবে। একই সময়ে সংশ্লিষ্ট এক ক্রিকেটার লন্ডনে গিয়ে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন বলেও দাবি করেন তিনি। আসিফের মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যানেজ করার লক্ষ্যেই সেই বৈঠক হয়েছিল।
তিনি আরও লেখেন, বিসিবি নির্বাচন সঠিক হয়েছে বলে তদন্ত কমিটির রায় থাকার পরও বোর্ড ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় কিছু ‘মন্ত্রীপুত্র’ ও ‘নেপো কিডস’র সম্পৃক্ততার অভিযোগও তোলেন এই সংগীতশিল্পী।
তবে স্ট্যাটাসজুড়ে কারও নাম প্রকাশ না করেই নিজের অবস্থান তুলে ধরেন আসিফ আকবর। তিনি জানান, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিতে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও যাওয়ার প্রস্তুতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।