Image description

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে— কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন। ছবিটি সামাজিক মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন এটি সাম্প্রতিক কোনো বাস্তব ঘটনার দৃশ্য। বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বের এমন ছবি দেখে অনেকেই এটিকে সত্য মনে করে শেয়ার করছেন।

তবে আগামীর সময়ের তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানে দেখা গেছে, এই ছবিটি বাস্তব কোনো ঘটনার চিত্র নয়। এটি মূলত এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি সম্পূর্ণ কাল্পনিক ছবি।

অনুসন্ধানে গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রের অবস্থান

ছবিটি ভাইরাল হওয়ার পর এর সত্যতা নিশ্চিত করতে দেশের মূলধারার নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, সংশ্লিষ্ট অফিশিয়াল সূত্র এবং প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে কাদের সিদ্দিকীর টুঙ্গিপাড়া সফর বা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মতো কোনো খবরের সত্যতা পাওয়া যায়নি। সাধারণত এই ধরনের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব বা জাতীয় পর্যায়ের নেতার যেকোনো কর্মসূচি গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। কিন্তু এই ক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো উৎস থেকেই এমন কোনো তথ্যের প্রমাণ মেলেনি।

 

 

প্রকৃত উৎস ও আসল ঘটনা

ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করতে গিয়ে এর এক কোণে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ‘জেমিনি’ (Gemini)-এর অফিশিয়াল লোগো দৃশ্যমান হতে দেখা যায়, যা ছবিটির সত্যতা নিয়ে সরাসরি সন্দেহ তৈরি করে।

পরে ছবিটির ডিজিটাল ফরেনসিক পরীক্ষা এবং বিভিন্ন উন্নত এআই কনটেন্ট শনাক্তকারী (AI Detection) টুল ব্যবহার করে যাচাই করা হয়। পরীক্ষার ফলাফলে শতভাগ নিশ্চিত হওয়া গেছে যে, দৃশ্যটি বাস্তব জগতের কোনো ক্যামেরায় তোলা নয়; বরং জেমিনি এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে কৃত্রিমভাবে তৈরি বা জেনারেট করা হয়েছে।

সামগ্রিক তথ্যের বিশ্লেষণ এবং প্রযুক্তিগত প্রমাণ থেকে এটি স্পষ্ট যে, শেখ মুজিবুর রহমানের সমাধিতে কাদের সিদ্দিকীর শ্রদ্ধা নিবেদনের দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ কৃত্রিম ও কাল্পনিক। এআই প্রযুক্তির নিখুঁত কারসাজিকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।