সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে ১২ ঘণ্টা না পেরোতেই সন্ধ্যায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন।
সোমবার (১৮ মে) সকাল ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তিতে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় জারি করা আগের গণবিজ্ঞপ্তি সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ভিডিওতে দেখেছি, গ্রাফিতি করতে আসা কিছু মেয়ের পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়েছে। আমি তখনি ১৪৪ ধারা উঠিয়ে দিতে পুলিশকে রিকুয়েস্ট করেছি। যাদের ইচ্ছে তারা গ্রাফিতি করুক। প্রয়োজনে হোম মিনিস্ট্রিতে কথা বলেন। চারটা-সাড়ে চারটার দিকে আমাকে পুলিশ কমিশনার ফোন করেছিলেন। তিনি ঢাকা থেকে পারমিশন পেয়েছেন, উইথড্র করে দেবেন।
তিনি আরও বলেন, আমি পুলিশকে বলেছি, সম্ভব হলে সন্ধ্যা ৬টা থেকেই গ্রাফিতি করার অনুমতি দিয়ে দেন।
এর আগে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা এবং গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের পুলিশি হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় চট্টগ্রাম মহানগর এনসিপি। এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরীর টাইগারপাস মোড়ে ‘গ্রাফিতি অঙ্কন কর্মসূচি’ পালন শুরু করে দলটির নেতাকর্মীরা।