সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের প্রথম জানাজায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বনানীর মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় উপস্থিত ছিলেন তিনি।
জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, ‘কারিনা কায়সার আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। তিনি অসুস্থ অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে সারা দেশ শোকাহত।
তিনি আরো বলেন, ‘সারা দেশের মানুষসহ জুলাই গণ-অভ্যুত্থানের আমরা যারা আছি সবাই শ্রদ্ধার সঙ্গে কারিনা আপুকে স্মরণ করছি। আজকে রাত ১০টার সময় শহীদ মিনারে আমরা সবাই মিলে শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে বিদায় দেব।’
জানা গেছে, রাত সাড়ে ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে কারিনা কায়সারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।
গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন।