সাতচল্লিশ, একাত্তর এবং চব্বিশের চেতনাকে ধারণ করে জাতীয় রাজনীতিতে গতিপথ নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার (১৬ মে) সেগুনবাগিচার বিএমএ ভবনে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ আয়োজিত ‘সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
সভার মুখ্য আলোচক হিসেবে মামুনুল হক বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আলেম সমাজের সর্বাত্মক ভূমিকা ছিল। সাতচল্লিশ, একাত্তর এবং চব্বিশের চেতনাকে ধারণ করে জাতীয় রাজনীতিতে আমাদের পথচলার গতিপথ নির্ধারণ করতে হবে।
দেশের পূর্বাপর রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করে সমকালীন প্রেক্ষাপট নিয়ে কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মাওলানা মাহফুজুল হক বলেন, রাজনৈতিক বিভক্তি এবং মতপার্থক্যের মধ্যে থেকেও মতবিনিময়ের এ আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে। পারস্পরিক সৌহার্দ্য এবং সহনশীলতা বজায় রেখে ধারাবাহিকভাবে এ জাতীয় আয়োজন যত বেশি হবে, আগামী দিনের রাজনীতিতে সহাবস্থান ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা তত সহজ হয়ে আসবে।
লেখক, চিন্তক এবং রাজনৈতিক বিশ্লেষক মাওলানা শরীফ মুহাম্মাদ বলেন, রাজনীতিতে স্থায়ী শত্রু-মিত্র বলতে কিছু নেই। সময়ের প্রয়োজনে রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ঘটে। বিশেষত, আগামী দিনে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের রাজনীতিতে ফিরে আসার জোরালো আশঙ্কা রয়েছে। এ বিষয়গুলো সামনে রেখেই নিজেদের রাজনৈতিক জোটগত অবস্থান এবং আগামী দিনের সম্ভাব্য গতিপথ নির্ধারণ করতে হবে।
সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, জাতীয় রাজনীতিতে আমরা আর ভাড়াটিয়া হয়ে থাকতে চাই না। মালিকানার সূত্রে সমকালীন প্রেক্ষাপটে নিজস্ব অবস্থান তৈরি করতে আলেমদের স্বকীয় ধারার রাজনীতিতে ধারাবাহিক হতে হবে।
সহসেক্রেটারি মাওলানা আদনান মাসউদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়াতুল মানহাল উত্তরার মুহতামিম মুফতি কিফায়াতুল্লাহ আযহারী, সংগঠনের সহসভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা উবাইদুল্লাহ মধুপুর, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী প্রমুখ।