Image description

নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মাইকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে হাজিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সভায় ঘটে।

অভিযোগ অনুযায়ী, সভার শুরুতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। বক্তব্যের শেষ দিকে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি ভুলবশত হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় স্থানীয় যুবক আলাউদ্দিন নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করেন। পরে তিনি ও তার সহযোগীরা মুক্তিযোদ্ধার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে মাইকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি ঘিরে স্থানীয় মুক্তিযোদ্ধা, সুধী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করা মানুষ হিসেবে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবেননি। তিনি দাবি করেন, ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই দুঃখ প্রকাশ করার পরও তাকে অপমান করা হয়েছে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র হাজিনগর ইউনিয়ন শাখার সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, অভিযুক্ত আলাউদ্দিনের কোনো সাংগঠনিক পদ নেই। তিনি রাজনৈতিক সুবিধা নিতে বিএনপির পরিচয় ব্যবহার করছেন।

অন্যদিকে অভিযুক্ত আলাউদ্দিন দাবি করেছেন, তিনি যুবদলের কর্মী। তার ভাষ্য, স্লোগান দেওয়ার পর উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মুর্শিদা খাতুন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

শীর্ষনিউজ