ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে নিশ্চিত করেছেন তার বাবা দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ।
গত সোমবার রাতে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। সঙ্গে মা এবং ২ ভাই গেলেও ভিসা জটিলতায় ভারত যেতে পারেননি কায়সার হামিদ।
কায়সার হামিদ ক্ষোভ প্রকাশ করে ইত্তেফাক ডিজিটালকে জানান, দেশে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের ভুল পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে কারিনাকে অপ্রয়োজনীয় ওষুধ, ঘুমের বড়ি এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যার প্রভাবে তার ফুসফুস আক্রান্ত হয়। কারিনার বাবার দাবি, দেশে হেপাটাইটিস এ ও লিভার প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা আধুনিক চিকিৎসাব্যবস্থা না থাকার কারণে তাদের মতো সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, কারিনার লিভার প্রতিস্থাপন করা জরুরি। এই কঠিন সময়ে বোনের পাশে দাঁড়িয়েছেন তার দুই ভাই—মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। দুজনেই বোনকে লিভার দিতে সম্মত হয়েছেন। তবে রক্তের গ্রুপের মিল থাকায় ছোট ভাই সাদাত হামিদের লিভারের ২০ শতাংশ কারিনার শরীরে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চেন্নাইয়ের চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ সারিয়ে তোলার কাজ করছেন, এরপরই লিভার প্রতিস্থাপনের মূল অস্ত্রোপচার সম্পন্ন হবে।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনা কায়সার ব্যাপক জনপ্রিয় হলেও অভিনেত্রী হিসেবেও তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার অভিনীত ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’ এর মতো কাজগুলো দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। বর্তমানে তার দ্রুত আরোগ্য কামনায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন।
