সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জাকির হত্যার শিকার শিশু ফাহিমার প্রতিবেশী এবং সম্পর্কে চাচা। বর্তমানে তাকে রাখা হয়েছে থানাহাজতে।
স্থানীয়দের ভাষ্য, ফাহিমাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। পরে মরদেহ একটি ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় বাড়ির পাশের পুকুরপাড়ের ডোবায়। গত শুক্রবার পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। অপরদিকে গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
এদিকে জাকিরের খবর ছড়িয়ে পড়লে রাতেই জালালাবাদ থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে জাকিরের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানালেন, আসামিকে থানায় রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ।
এদিকে, শিশু ফাহিমা হত্যা মামলার অগ্রগতি নিয়ে আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে ডিসি উত্তর কার্যালয়, মুন্সিপাড়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।