Image description

দিনাজপুরের চিরিরবন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই ভাই সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক। 

নিহতরা হলেন- শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)।

মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার সময় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর থেকে শহিদুল ইসলামের অপর দুই ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছেন। নিহত কাবিল শহিদুল ইসলামের প্রথম স্ত্রীর ছেলে ও পলাতক সাকিব ও সাদিকুল দ্বিতীয় স্ত্রীর ছেলে।

মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতে বিষয়টি নিয়ে বাবা ও সৎ ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সাকিব ও সাদিকুলের। পরে তারা লোহার রড দিয়ে বাবা ও ভাই কাবিলকে আঘাত করে পালিয় যান। এতে ঘটনাস্থলে বাবা শহিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন, চিররবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে ওসি মাহমুদুন নবী জানান, নিহত শহিদুল ইসলাম দুলুর দুই স্ত্রী। দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি ধান কাটার পর ২ পরিবারকে সমানভাবে বন্টন করে দিয়েছিলেন তিনি। তবে কয়েকদিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ চাচ্ছিলেন দ্বিতীয় স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল।

ওসি জানান, ঘটনার পর থেকে ঘাতক দুই ভাই পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত রড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।