গণভোটের রায় মেনে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
সোমবার (১১ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটার রায় মেনে নিন। এটা সংসদের বিষয়, সংসদে ফয়সালা করুন, সংস্কার করুন। বিষয়টি রাজপথে আনার সুযোগ করে দেবেন না। রাজপথ উত্তপ্ত হওয়া শুরু করেছে। এ দেশের মানুষ জানে, কীভাবে আন্দোলন করতে হয়। বিএনপির ঘাড়ে আজকে আওয়ামী ভূত চেপে বসেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন পরিবর্তনের আন্দোলন ছিল। জুলাই আন্দোলন এক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক সরকারকে ক্ষমতায় বসানোর আন্দোলন ছিল না।
এটিএম আজহার আরও বলেন, আমরা চাই ১৮ কোটি মানুষের মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। সরকারের যদি শুভ বুদ্ধির উদয় না হয়, তাহলে দেশ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। আমরা জনগণের পাশে আছি, থাকব এবং জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংসদের বিরোধী দলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান, সাবেক এমপি লতিফুর রহমান, দলের রাজশাহী জোনের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শীর্ষনিউজ