ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার সিদ্ধান্তকে আবারও সঠিক বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, সোলাইমানি জীবিত থাকলে ইরান আজ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাত।
‘ফুল মেজার” নামের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি যদি তাকে হত্যা না করতাম, তাহলে ইরান আজ ভিন্ন রকমের একটি দেশ হতো সম্ভবত আরও বেশি শক্তিশালী।”
তিনি তার প্রথম মেয়াদের সিদ্ধান্তগুলো তুলে ধরে বলেন, বারাক ওবামা প্রশাসনের সময় করা ইরান পরমাণু চুক্তি তিনি বাতিল করেছিলেন এবং সেটিকে “ভয়াবহ চুক্তি” হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে সোলাইমানিকে হত্যার বিষয়টিকে তিনি “অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০১৯ সালে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সি চলাকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান সোলাইমানি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মার্কিন ড্রোন হামলায় নিহত হন। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি বেড়ে যায়।
সোলাইমানি ইরানের সামরিক ও আঞ্চলিক কৌশলের অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুকে ঘিরে এখনও আন্তর্জাতিক রাজনীতিতে নানা বিতর্ক ও প্রতিক্রিয়া বিদ্যমান।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি