Image description

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের নবাগত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য পদক্ষেপ নিয়েছেন তিনি। এ জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেবে সরকার।

 

সোমবার (১১ মে) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। তার প্রথম বৈঠকেই এমন সিদ্ধান্ত হয়।

 

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার।

 

রাজ্যের জনবিন্যাস বদলে গেছে উল্লেখ করে তিনি বলেন, প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।

 

এর আগে একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে বিএসএফকে জমি না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এ বিষয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

গত শনিবার শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। আজকের বৈঠক ঘিরে রোববার থেকেই বাড়ানো হয় নিরাপত্তাব্যবস্থা। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

তারা বলছেন, মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে।