ময়মনসিংহে একটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১০ মে) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া, হানিফা ও মো. রফিকুল ইসলাম। এ ছাড়া এ মামলায় তিনজনকে খালাস দেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের নুরুল হকের বাড়ির পাশে বরই বাগানে একদল ছেলে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবল নুরুল হকের টিনের বেড়ায় লাগে। এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে ছেলেদের খেলা বন্ধ করে তাড়িয়ে দেন।
পরে ওই ছেলেদের স্বজন শাহবাজ মিয়াসহ তার পরিবারের লোকজন এসে নুরুল হকের ওপর হামলা করেন। পরে নুরুল হককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত নুরুল হকের ছেলে কাজল মিয়া গফরগাঁও থানায় হত্যা মামলা করেন।
ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মামলা তদন্ত করে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষীদের সাক্ষগ্রহণে তিনজনের হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এ সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর তিনজনকে খালাস দেন বিচারক।