ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
রোববার (১০ মে) উপাচার্য বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। এবার আমি আমার পরিবারকে একটু সময় দিতে চাই। তাই প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে পদত্যাগ জমা দেওয়া হয়েছে।
চিঠিতে তিনি গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারা তার জন্য সম্মানের ছিল বলে তিনি উল্লেখ করেন।
অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের পর পরবর্তী প্রক্টর হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।