ঢাকার বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামি ২১ জুন ধার্য করেছে আদালত। রবিবার (১০ মে) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে
মামলাটি অভিডোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। আদালতে হাজির করা হয় আনিসুল হককে। তার পক্ষে ব্যারিস্টার সুমন হোসেন সময় চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম কাইয়ুম এর বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি নিয়ে সময় আবেদন মঞ্জুর করে ২১ জুন শুনানির পরবর্তী দিন রাখেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি গোলাম নবী।
মামলার বিবরণী থেকে জানা যায়, আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু আনিসুল হক ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তার লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিতও করেননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
উল্লেখ্য, তিনি কোনো গুলি ক্রয় করেছেন এমন তথ্যও পাওয়া যায়নি।