সড়কে চাঁদা আদায়ের অভিযোগ তুলে দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন ট্রাক মালিক ও শ্রমিকরা। আজ রবিবার সকাল ৭টা থেকে দিনাজপুর ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে।
জেলা সদরের কলেজ মোড়, টার্মিনাল রোড, কাঞ্চন ব্রিজসহ শহরের বিভিন্ন প্রবেশপথ অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এতে বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে সড়কে ট্রাক দাঁড় করিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে বিকল্প উপায়ে গন্তব্যে যেতে দেখা গেছে। অনেকে সময়মতো কর্মস্থলেও পৌঁছাতে পারেননি।
দিনাজপুর জেলা ট্রাক-ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, গত এক মাস ধরে শহরের বিভিন্ন সড়কে পৌরসভার নামে চাঁদা আদায় করা হচ্ছে। এ চাঁদা বন্ধের দাবিতেই তারা রাজপথে নেমেছেন। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও উল্লেখ করেছেন তিনি।
দিনাজপুর জেলা ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদের সভাপতি এবং জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহমেদ জানিয়েছেন, নির্ধারিত ট্রাক টার্মিনালের বাইরে সড়ক ও মহাসড়কে টোলের নামে চাঁদাবাজি করা হচ্ছে। এ কাজে পৌরসভার দুই কর্মচারীসহ চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মৌখিক আপত্তি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, গত ১২ এপ্রিল দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজউদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, ট্রাক টার্মিনালে টোল আদায়ের জন্য জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফা টেন্ডার আহ্বান করা হলেও কেউ দরপত্র জমা দেননি।
এর আগে ২০ এপ্রিল পৌরসভার আরেক চিঠিতে বাজার পরিদর্শক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আদায়কারী শামিম আহমেদ এবং দুই ট্রাক শ্রমিক রাশেদুজ্জামান রাশেদ ও শহিদ জামিলকে নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠনের তথ্য জানানো হয়। ওই চিঠিতে টোল আদায়ে বাধা দেওয়ার অভিযোগও করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।