রড-সিমেন্ট নয়, শিক্ষাই বাংলাদেশ ও চীন সম্পর্কের মূল ভিত্তি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শনিবার (৯ মে) সকালে বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরামে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে—তা অনুকরণীয়। চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশনের জন্য প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সরকার।
তিনি বলেন, সারা বছর বসে থাকব, বছর শেষে শুধু পরীক্ষা দেব—এটাই লেখাপড়া নয়। আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ-৫ নিয়ে পড়ে থাকলে হবে না। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় সরকার। তৃতীয় ভাষাকে আমরা আবশ্যিক করছি।
এহছানুল হক মিলন বলেন, আমরা কোয়ালিটি এডুকেশন দিতে ব্যর্থ হচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সব করা হবে। কোয়ালিটি এডুকেশনের জন্য নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে কাজ চলছে।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।